মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পসহ সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে জাপান বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “মাতারবাড়ি নিয়ে একটি মাস্টার প্ল্যান বাস্তবায়নে জাপান সহযোগিতা করবে। প্রাথমিকভাবে ২৯ মিলিয়ন ডলারের মধ্যে বড় অংশ জাপান দিচ্ছে।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফরে দেশটির মূল বিনিয়োগ সংস্থা জেট্রো-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জাপানে জনশক্তি রপ্তানি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। “জাপান আগামী পাঁচ বছরে এক লাখ বিদেশি কর্মী নিতে চায়। বাংলাদেশ এ সুযোগ নিতে প্রস্তুত,” বলেন তিনি।
জাপানে বাংলাদেশিদের ভিসা পেতে যে জটিলতা ছিল, সেটিরও সমাধান হয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার ও সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজও উপস্থিত ছিলেন।
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল এবং এলপিজি টার্মিনালসহ সমন্বিত অবকাঠামো প্রকল্প হিসেবে গড়ে উঠছে। জাপানি সহায়তায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প কেন্দ্র।
একুশে সংবাদ / আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

