সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার কারণে বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই মাঠের বিভিন্ন স্থানে পানি জমে ছোট ছোট জলাশয়ের সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানি জমে থাকে। ফলে মাঠটি বছরের অধিকাংশ সময় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, এই মাঠটি চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়সহ পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, অনার্স কলেজ এবং নূরানী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার যুবকদের প্রধান খেলাধুলার স্থান। বর্তমানে মাঠ অনুপযোগী হয়ে পড়ায় খেলাধুলার পরিবেশ প্রায় বন্ধ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মুকিত বলেন, দীর্ঘদিন ধরে মাঠে জলাবদ্ধতা রয়েছে। চারপাশে রাস্তা থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাঠ ব্যবহার করতে না পারায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থী মো. রনি আহমেদ বলেন, আগে বিকেলে মাঠে খেলতাম, এখন পানি জমে থাকায় খেলা হয় না। অনেকেই মোবাইল ফোনে সময় কাটায়। খেলাধুলা না থাকায় কিছু যুবক খারাপ পথে যাওয়ার ঝুঁকিতে আছে।
জলবায়ু ও পরিবেশ কর্মী মো. ফয়সাল বিশ্বাস বলেন, খেলাধুলার মাঠ তরুণদের সুস্থ বিকাশের কেন্দ্র। দীর্ঘদিন মাঠ অচল থাকলে মোবাইল আসক্তি ও মাদকের ঝুঁকি বাড়ে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা জরুরি।
সাবেক শিক্ষার্থী মো. রোকনুজ্জামান তালুকদার ও স্বেচ্ছাসেবী মো. ফরহাদ হোসেন আকাশ বলেন, মাঠটি পুরো এলাকার সামাজিক ও ক্রীড়া জীবনের কেন্দ্র। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় এটি অচল হয়ে পড়েছে। স্থায়ী সমাধান না হলে ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে যাবে।
এলাকাবাসীর অভিযোগ, অতীতে মাঠ সংস্কারের জন্য প্রকল্প বরাদ্দ হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। তারা সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের কাছে চান্দাইকোনায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, মাঠের জলাবদ্ধতার বিষয়টি জানা আছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিলে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী হবে এবং শিক্ষার্থী ও যুবসমাজ ফিরে পাবে সুস্থ বিনোদনের পরিবেশ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

