AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঋণখেলাপি আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩১ এএম, ৩০ জুন, ২০২৬

ঋণখেলাপি আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না

ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না এবং সংসদ সদস্য হিসেবে তার শপথ নেওয়ার সুযোগও থাকছে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

এর আগে আপিল বিভাগ মামলায় আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীকে মতামত দেওয়ার জন্য নিয়োগ দেন। পরে তাদের মতামত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর শুনানি শেষে আদালত চূড়ান্ত রায় দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপর ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং ব্যাংক এশিয়া পিএলসি। তবে নির্বাচন কমিশন সেই আপিল খারিজ করে প্রার্থিতা বহাল রাখে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট করা হলে আদালত তা খারিজ করে দেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান আসলাম চৌধুরী এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হন।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী লিভ টু আপিল করলে আপিল বিভাগ তা গ্রহণ করেন। একই সঙ্গে নির্দেশ দেন, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসলাম চৌধুরী বিজয়ী হলেও সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।

পরবর্তীতে পৃথক আপিল আবেদন দায়েরের পর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে। একাধিক দফা শুনানি শেষে মঙ্গলবার আদালত আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় দেন। এর ফলে চট্টগ্রাম-৪ আসনের বেসরকারিভাবে বিজয়ী হলেও তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!