AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৩ পিএম, ২৬ জুলাই, ২০২৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

পাউরুটি উৎপাদনে বিষাক্ত রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধ এবং বাজারজাতের সময় প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’-এমন ঘোষণা বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন (এমএইচআরজিএফ)।

রোববার (২৬ জুলাই) সংগঠনটির চেয়ারম্যান কবীর আলমগীরের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।

রিটে খাদ্য সচিব, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, বিএসটিআইয়ের মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রাণ, নাবিস্কো, ডেনিস, ফ্রেশ (মেঘনা গ্রুপ), আকিজ ও হক ফুডের ব্যবস্থাপনা পরিচালকদের বিবাদী করা হয়েছে।

রিটে পাউরুটির প্যাকেটে ব্যবহৃত উপকরণের পূর্ণাঙ্গ তালিকা ও পটাশিয়াম ব্রোমেট ব্যবহার না করার ঘোষণা বাধ্যতামূলক করা এবং পাউরুটি উৎপাদনে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট দায়েরের পর কবীর আলমগীর বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘পাউরুটিতে মিলছে ক্যান্সারের উপাদান’ শিরোনামের একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ রিট করা হয়েছে।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন ও ভারতসহ বিশ্বের প্রায় ৪০টি দেশে পটাশিয়াম ব্রোমেট নিষিদ্ধ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষও ২০২২ সালে খাদ্যপণ্যে এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও এখনও এর ব্যবহার বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ভেজাল ও অনিরাপদ খাদ্যের কারণে দেশের লাখো মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এছাড়া অপরিকল্পিতভাবে পরিচালিত অনেক বেকারিতে খাদ্য নিরাপত্তার মান উপেক্ষা করে পাউরুটি উৎপাদন করায় জনস্বাস্থ্য আরও ঝুঁকির মুখে পড়ছে বলে দাবি করা হয়েছে।

রিটকারীর আইনজীবী সঞ্জয় মণ্ডল বলেন, খাদ্যের মাধ্যমে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান প্রবেশ বন্ধে জরুরি পদক্ষেপ প্রয়োজন। এ কারণেই জনস্বার্থে রিটটি দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি সপ্তাহের যেকোনো দিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ১৯টি পাউরুটির নমুনা পরীক্ষায় ১৬টিতে, অর্থাৎ প্রায় ৮৪ শতাংশ নমুনায় মাত্রাতিরিক্ত পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যায়। এরপর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুটি, পাউরুটি ও অন্যান্য বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট (KBrO₃) এবং পটাশিয়াম আয়োডেট (KIO₃) সংযোজক হিসেবে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ওই সময় নিষেধাজ্ঞায় জানায়, মানবদেহে পটাশিয়াম ব্রোমেট থাইরয়েড গ্রন্থির রোগ সৃষ্টি করে। এমনকি ক্লাস টুবি কারসিনোজেন, যা ক্যানসারের কারণ।

এটি একটি জেনোটক্সিক কারসিনোজেন, যা জিনগত রোগ ও মিউটেশন ঘটাতে পারে। ডায়রিয়া, বমিভাব ও পেটের পীড়াসহ অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে। এ জন্য বেকারি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত খাবারে এসব ব্যবহার অনতিবিলম্বে বন্ধের নির্দেশনা প্রদান করা হয় সংস্থাটির পক্ষ থেকে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে নেওয়া কিছু নমুনায় পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট ও ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এ ছাড়া তিনটি নমুনা পরীক্ষায় ক্যালসিয়াম প্রোপিওনেট পাওয়া গেছে। যা থাকার কথা ০.৭ শতাংশ, সেখানে মিলেছে ১ দশমিক ৫৭ শতাংশ। যা মানবদেহ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

পটাশিয়াম ব্রোমেট এবং পটাশিয়াম আয়োডেট এই দুই উপদান মেশানো রুটি, পাউরুটি এবং বেকারি পণ্য মোড়কহীন কিংবা মোড়কে মজুদ, পরিবহন ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়।

পাউরুটি তৈরির জন্য ২০১৬ সালে একটি মান নির্ধারণ করে দেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। তখন পাউরুটি ইমপ্রুভার হিসেবে অ্যামোনিয়াম পারসালফেট, পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম আয়োডেট, ক্যালসিয়াম কার্বনেট, অ্যাসিড ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম ফসফেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

ওই সময় এক কেজি পাউরুটিতে ৫ মিলিগ্রাম পটাশিয়াম ব্রোমেট ব্যবহারের অনুমতি ছিল। তবে বেশ কয়েক বছর ধরে বিশ্বের উন্নত দেশগুলো পাউরুটিতে এই রাসায়নিকটির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে ২০১৮ সালে পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেটের ব্যবহার নিষিদ্ধ করে বিএসটিআই।

বহুল ব্যবহৃত পাউরুটিতে শুরু থেকেই ইস্ট ব্যবহার করে এটি ফুলানো হতো। কিন্তু দাম বেশি হওয়ায় এর ব্যবহার কমে যায়। এরপর বাংলাদেশ, ভারতসহ কিছু দেশে রুটি ফুলাতে খাবার সোডা ব্যবহৃত হতে থাকে।

তবে নব্বইয়ের দশক থেকে অনেক দেশে আটার খামিরকে দীর্ঘ সময় রেখে দেওয়ার জন্য বেকারির মালিকেরা পটাশিয়াম ব্রোমেট ব্যবহার উৎসাহিত করেন। এটি দামেও সস্তা এবং পাউরুটিকে আকর্ষণীয়ভাবে ফোলানো ও নানা আকৃতি দেওয়ায় ওই বিষাক্ত উপাদানটি বেশ কার্যকর।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!