দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই দিনে দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর পলাতক আসামি টিউলিপকে গ্রেপ্তারের জন্য নোটিশ জারির আবেদন করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ প্রদান না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ পারিতোষিক হিসেবে সুবিধা নিয়েছেন এবং রেজিস্ট্রি দলিল মূলে ফ্ল্যাটের দখল গ্রহণ করেছেন।
নথি অনুযায়ী, গত বছরের ১৫ এপ্রিল ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে মামলা করা হয়েছে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসারফ হোসেনের বিরুদ্ধে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

