AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শাপলা চত্বর হত্যাকাণ্ড:

তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৮ পিএম, ১৯ জুলাই, ২০২৬

তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১

২০১৩ সালের শাপলা চত্বর অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত প্রতিবেদন গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, আগামী ২১ জুলাই নির্ধারিত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদনটি দাখিল করা হবে। একই সঙ্গে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।

তদন্ত প্রতিবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, তৎকালীন পুলিশ ও র‌্যাবের প্রধান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনারসহ মোট ৪১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং লেখক-সাংবাদিক শাহরিয়ার কবীরকেও আসামি করা হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকায় ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনো চূড়ান্ত পর্যায়ে থাকায় মোট নিহতের সংখ্যা সম্পর্কে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এদিকে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল রোববার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই দিন গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সমাবেশটি ছত্রভঙ্গ করা হয়। সেই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!