জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে ওই জাতীয় সনদের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করার আবেদন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
আইনজীবীর বরাত দিয়ে জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট শুনানির জন্য সম্ভাব্য সময় নির্ধারিত হতে পারে।
এদিকে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়। এই রিটে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ বিবাদী হিসেবে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে অন্তর্ভুক্ত করেছেন। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শোনা যেতে পারে এই রিট।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। দেশজুড়ে মোট ভোটার অংশগ্রহণ ছিল ৬০.২৬ শতাংশ। গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দেন, আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। ফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

