যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। খবর আল জাজিরার।
পারমাণবিক প্রযুক্তি ও উদ্ভাবনসংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ‘কঠোর সামরিক হামলা’ নিয়ে তার আগের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তার এই বক্তব্য সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার মন্তব্যের সঙ্গে ভিন্নতা তৈরি করেছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ প্রায় শেষ হয়ে এসেছে এবং সামরিক বিকল্পই বেশি গুরুত্ব পাচ্ছে।
যুদ্ধের সম্ভাবনা তৈরি হলে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল কী হবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা না জানিয়ে বলেন, পরিস্থিতি মোকাবিলায় তাদের হাতে একাধিক বিকল্প রয়েছে।
ইরানকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তেহরান এখন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সেটাই করা উচিত। তবে আলোচনার কথা উল্লেখ করলেও তিনি সামরিক প্রস্তুতির বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সক্রিয়ভাবে কাজ করছেন।
এ সময় তিনি পুনরায় বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। তবে সম্ভাব্য কোনো চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তাড়াহুড়ো নেই বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আল জাজিরা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

