বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার।
বুধবার (২৪ জুন) জারি করা ভারত সরকারের এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে বলা হয়েছে, দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় এই বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। তবে এর ফলে ভারতের বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্স বা রাষ্ট্রীয় প্রটোকল ক্রমতালিকায় কোনো পরিবর্তন আসবে না।
ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত ওই স্মারকে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, এই মর্যাদা কেবল ব্যক্তিগত ও প্রটোকলগত ব্যবহারের জন্য প্রযোজ্য। এটি ভারতের সরকারি প্রটোকল তালিকায় স্থায়ী কোনো পরিবর্তন নির্দেশ করে না।
টেবিল অব প্রিসিডেন্স হলো ভারতের রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সরকারি আয়োজনে বিভিন্ন পদধারী ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তিদের অগ্রাধিকার নির্ধারণের সরকারি তালিকা।
গত ১২ জুন বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন দিনেশ ত্রিবেদী। ভারতের জাতীয় রাজনীতিতে পরিচিত এই নেতা ১৯৫০ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। গুজরাটি বংশোদ্ভূত হলেও তার বেড়ে ওঠা কলকাতায়, ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় থাকার পর ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার লোকসভা ও রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি। তিনি প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

