ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং শত শত ঘরবাড়ি ধসে পড়ে।
দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি আহতের সংখ্যা ৯৭১ জনে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ২ মাত্রার, যা স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অনুভূত হয়। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটি প্রাথমিকভাবে আশঙ্কা প্রকাশ করেছিল যে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে।
পরিস্থিতির প্রেক্ষাপটে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার সরকার। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ একাধিক এলাকায় ভবন ধস এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। কোথাও কোথাও পাহাড়ের ঢালে অবস্থিত ভবন ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে।
ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দাদের অনেককে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিতে দেখা যায়। আফটারশকের আশঙ্কায় অসংখ্য মানুষ রাতভর বাইরে অবস্থান করেছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

