AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩২ এএম, ২৫ জুন, ২০২৬

এবার  জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প

উত্তর জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মূল হনশু দ্বীপের ইওয়াতে অঞ্চলের উপকূলে, ভূপৃষ্ঠের প্রায় ৪৪ কিলোমিটার গভীরে। কম্পন কয়েকশ মাইল দূরের রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭.২ নির্ধারণ করে। সংস্থাটি জানিয়েছে, কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের সময় উত্তরাঞ্চলের আওমোরি প্রিফেকচারের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। হাশিকামি শহরের একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের কর্মী মুৎসুমি শিমোহাতা (৬১) বলেন, ভূমিকম্পের পরপরই সতর্ক সংকেত বেজে ওঠে এবং কম্পনটি বেশ দীর্ঘ সময় স্থায়ী হয়েছে বলে মনে হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে কিছু শিনকানসেন বুলেট ট্রেন সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। হাশিকামির একটি প্রাথমিক বিদ্যালয়ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কয়েকটি এলাকায় জরুরি ফোনকল পাওয়া গেছে এবং কিছু লিফটে মানুষ আটকে পড়ার ঘটনাও ঘটেছে। তবে সড়ক যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর সংশ্লিষ্ট অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে নিয়মিত কম্পন অনুভূত হলেও, সাম্প্রতিক এই শক্তিশালী ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!