সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। মধ্যস্থতাকারীদের মতে, এ দফার আলোচনায় “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশ আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মত হয়েছে।
মধ্যস্থতাকারী দেশগুলোর যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনার পরিবেশ শুরুতে উত্তেজনাপূর্ণ ছিল। এর মধ্যে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকি এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার সতর্কবার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
তবে আলোচনার শেষ দিকে দুই পক্ষই কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়। আগামী সপ্তাহজুড়ে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে এই আলোচনা চলবে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি লেবাননে চলমান সংঘাত প্রশমনের দিকেও অগ্রগতি হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আলোচনায় তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দ অর্থ ফেরত এবং পুনর্গঠন পরিকল্পনার বিষয়েও প্রাথমিক সমঝোতা হয়েছে।
অন্যদিকে মার্কিন পক্ষ জানিয়েছে, আলোচনায় হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, পরমাণু কর্মসূচি এবং সমঝোতা বাস্তবায়নের প্রযুক্তিগত দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে আলোচনার সমাপ্তি বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: রয়টার্স
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

