সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার সকালে এক বিবৃতিতে এই হামলার দাবি করে সংস্থাটি। এর মধ্যে দুটি জাহাজ জব্দ করা হয়েছে বলেও দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।
আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানায়, ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যা বর্তমানে ইরানের উপকূলে আটকা পড়ে আছে।
এছাড়া আইআরজিসির নৌবাহিনীর বরাতে ইরানের অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, ‘এমএসসি ফ্রান্সেসকা’ ও ‘এপামিনোন্ডাস’ নামের দুটি জাহাজ জব্দ করা হয়েছে এবং সেগুলোকে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানের অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজকে ‘জব্দ’ করা হয়েছে। ওই দুই জাহাজ বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) বলেছে, হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়েছে। আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী এপামিনোন্ডাস বলে বিবিসি ভেরিফাই নিশ্চিত হয়েছে।
ইউকেএমটিও কোনও রেডিও সতর্কতা দেয়নি বলে দাবি করেছিলেন এপামিনোন্ডাসের ক্যাপ্টেন। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নুর নিউজ ওই জাহাজের ক্যাপ্টেনের এই অভিযোগ অস্বীকার করেছে।
নুর নিউজ বলছে, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ইউকেএমটিও বলেছে, ওমানের উত্তর-পূর্ব দিকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে এবং এর ফলে জাহাজের ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড বিবিসি ভেরিফাইকে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টাকালে তৃতীয় একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে।
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা জাহাজটি হরমুজ প্রণালি থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়।
ভ্যানগার্ড বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এমএসসি ফ্রান্সেসকাকে উদ্দেশ্য করে সংকেত পাঠায় এবং নোঙর ফেলার নির্দেশ দেয়। জাহাজটিতে ক্রুদের কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে এর বাইরে আর কোনও তথ্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

