ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত প্রশমনে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলো ৪৫ দিনের যুদ্ধবিরতির একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
সোমবার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, প্রস্তাবিত এই যুদ্ধবিরতি কার্যকর হলে তা চলমান উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে।
সূত্রগুলো জানায়, এই যুদ্ধবিরতি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ৪৫ দিনের জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সরাসরি বা পরোক্ষ হামলা বন্ধ থাকবে। একই সময়ে দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক আলোচনা শুরু হবে, যেখানে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে অংশ নেবেন।
এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনাগুলো বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সফল হলে এটি স্থায়ী সমঝোতার পথ খুলে দিতে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। রোববার এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে “গভীর আলোচনা” চলছে এবং দ্রুতই একটি ফলাফল আসতে পারে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সূত্রগুলো এক্সিওসকে জানিয়েছে, ট্রাম্পের আল্টিমেটাম সত্ত্বেও বাস্তব অগ্রগতি হচ্ছে কূটনৈতিক আলোচনার দিকেই, এবং সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি সংঘাত কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: এক্সিওস
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

