ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।
রোববার (৫ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ড্রোন ও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় উন্নত ড্রোন ও ক্লাস্টার মিউনিশন ব্যবহারের কথাও উল্লেখ করা হয়।
একই সময়ে বিমানবন্দরে ‘হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল’ বা বিপজ্জনক পদার্থ সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে বলে জানায় ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি প্যাকেট থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে সতর্কতা জারি করা হয়।
ঘটনার পর বিমানবন্দরের সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং বিশেষজ্ঞ দল পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদার্থটির প্রকৃতি শনাক্ত ও নিরাপদে অপসারণে কাজ করছে বলে জানানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আলজাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়, ইরানে বিধ্বস্ত একটি যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স অভিযান চালিয়েছে। এ সময় ইরানি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যে অন্তত চারজন নিহত এবং একজন আহত হওয়ার কথা বলা হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

