ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। তবে উদ্ধার অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি এবং উদ্ধারকারী দলও নিরাপদে ফিরতে পারেনি বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রচণ্ড গোলাগুলির’ মধ্যে অভিযান চালিয়ে বিধ্বস্ত যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে ইরান থেকে নিরাপদে বের করে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ওই কর্মকর্তা আরও জানান, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের অন্য নিখোঁজ সদস্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে, বিমানটি ভূপাতিত করা হলেও পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। তাকে উদ্ধারে মার্কিন বাহিনী অভিযান চালাচ্ছে।
তবে এ ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে। ইরানি সূত্রের দাবি, নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র বরং তাকে হত্যা করার চেষ্টা করছে। সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া আরেকজন মার্কিন ফ্লাইট ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে, যাকে খুঁজতে অভিযান চলছে।
সবমিলিয়ে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই উদ্ধার অভিযান নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

