সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, এ হামলার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই; বরং এটি ইসরাইলের কাজ।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে চালানো ওই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই। সংস্থাটি দাবি করে, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় ঘটনাটি ‘জায়নিস্টদের পরিকল্পিত কর্মকাণ্ড’ হতে পারে।
এর আগে গত ৩ মার্চ ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে ভবনের কিছু অংশে আগুন লাগে এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।
শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, হামলায় প্রাথমিকভাবে ধারণার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হামলায় তেহরানে ইরানের শীর্ষ নেতাদের হতাহতের ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এর জেরে ইরান পাল্টা হামলা চালানোর কথাও জানায়।
তবে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় নিজেদের দায় অস্বীকার করে আইআরজিসি এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোরও সমালোচনা করেছে। একই সঙ্গে তারা মুসলিম দেশগুলোকে আঞ্চলিক ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

