ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী। ইরান-সমর্থিত এ গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
শনিবার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ইরানের পক্ষে সংঘাতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয়েছে। হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়।
ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, ইসরায়েল তাদের সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলি পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করে গোষ্ঠীটি।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে এবং তা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে হুথিদের সরাসরি সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

