পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যে পৃথক দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি জরাজীর্ণ ভবনের অংশ ধসে ১৩ জন প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বালদিয়া টাউনের সাজ্জান গোঠ এলাকায় একটি ভবনের দেয়াল ধসে পড়ে বহু হতাহতের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের দ্রুত উদ্ধার করে করাচি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।
এছাড়া ঝড়ের সময় শহরের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়া ও দেয়াল ধসের ঘটনায় আরও কয়েকজন নিহত হয়েছেন। কোরঙ্গী ও ক্লিফটন এলাকায় পৃথক ঘটনায় গাছচাপায় প্রাণহানির খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, অনেকেই বৃষ্টি থেকে আশ্রয় নিতে দুর্বল ভবনে অবস্থান করছিলেন, যা ধসে পড়ায় হতাহতের সংখ্যা বেড়েছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী ও করাচির মেয়র দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।
উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, শহরজুড়ে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

