২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো সামরিক অভিযানে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—এমন তথ্য প্রথমবারের মতো কার্যত স্বীকার করেছে ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত হতাহতের সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করে আসছিল তেল আবিব। ইসরায়েলের দাবি ছিল, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য নির্ভরযোগ্য নয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৭১ হাজার ছাড়িয়েছে। নিহতদের নাম ও বয়সসহ বিস্তারিত তথ্য নিয়মিত প্রকাশ করছে কর্তৃপক্ষ। তাদের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৮০ জনের বেশি ফিলিস্তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করে শ্রেণিবিন্যাস করা না হলেও অধিকাংশই নারী ও শিশু বলে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানায়, বৃহস্পতিবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকেও প্রায় একই ধরনের নিহতের হিসাব উপস্থাপন করা হয়েছে। এক সামরিক কর্মকর্তা জানান, “আমাদের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। এতে নিখোঁজ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হতাহত সংক্রান্ত যেকোনো তথ্য নির্ধারিত ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।
এই স্বীকারোক্তিকে গাজায় চলমান যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

