ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে বলে আশ্বাস পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের ভেতরের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
তবে ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পরিস্থিতি কীভাবে অগ্রসর হয়, তার ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। সরকারের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে জোরালো আলোচনা চলছিল। এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করে, যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে— এমন আশঙ্কা সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

