থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাজধানী ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের উবন রাতচাথানি প্রদেশগামী একটি যাত্রীবাহী ট্রেন নাখোন রাতচাসিমার শিখিও জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় উচ্চগতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত একটি বিশাল ক্রেন হঠাৎ ভেঙে পড়ে ট্রেনটির ওপর আছড়ে পড়ে।

ক্রেনের আঘাতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৯৫ জন যাত্রী ও রেলকর্মী ছিলেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

