বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন সূত্র জানায়, বুধবার খালেদা জিয়ার জানাজায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ইসহাক দারের বাংলাদেশ সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
তার মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনামলে নানা ধরনের রাজনৈতিক নিপীড়নের মুখে পড়েন খালেদা জিয়া। একাধিকবার কারাবন্দি অবস্থায় থাকতে হয় তাকে এবং দীর্ঘ সময় পর্যাপ্ত চিকিৎসাসেবাও পাননি বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে করোনাকালীন সময়ে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় সীমাবদ্ধ ছিলেন।
চিকিৎসা সংকটের কারণে সময়ের সঙ্গে সঙ্গে তার হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যার অবনতি ঘটে।
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী আন্দোলন শুরু হলে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। টানা ৩৫ দিনের সংঘাতপূর্ণ পরিস্থিতির পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করেন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খালেদা জিয়াকে মুক্তির আদেশ দেন।
উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং প্রায় ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে দেশে ফেরেন। প্রাথমিকভাবে কিছুটা উন্নতি হলেও বয়স ও দীর্ঘদিনের জটিল রোগের কারণে তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়েন।
সবশেষ গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

