টানা কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার (২৭ ডিসেম্বর) উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে টানা তিন দিনের আলোচনার পর দুই দেশ যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় দুপুর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতির আওতায় উভয় পক্ষ তাদের বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রাখবে এবং সীমান্ত এলাকায় নতুন করে কোনো সামরিক অগ্রসরতা চালাবে না।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সতর্ক করে জানায়, অতিরিক্ত সেনা সমাবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।
শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাফোন নাক্রাফানিত ও কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে প্রায় ২০ দিন ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসান ঘটল। এই সংঘাতে উভয় দেশের অন্তত ১০১ জন নিহত হয়েছেন এবং পাঁচ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা পরে ভেঙে যায়। এর পরই ডিসেম্বরের শুরুতে নতুন করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

