জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব ঘটনার নিন্দা জানিয়ে হাদির পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মহাসচিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বলেন, দেশের নির্বাচন সামনে রেখে উত্তেজনা বেড়ে যেতে পারে। তাই তিনি সকল পক্ষকে সহিংসতা এড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সংযম বজায় রেখে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।
এর আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনও ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত ও স্বচ্ছ, পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, “গত বছর ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে। প্রতিশোধ কেবল বিভেদ বাড়াবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

