সুইজারল্যান্ড সরকার উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশসহ তিন দেশে। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আলবেনিয়া ও জাম্বিয়া।
সুইস ভিত্তিক সংবাদমাধ্যম সুইসইনফো ডট সিএইচ আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুইজারল্যান্ড সরকারের অনুরোধে দেশটির পার্লামেন্ট গত ডিসেম্বরে বিদেশি সহায়তা তহবিলে অর্থ বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নেয়। এরপর বুধবার, সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল আন্তর্জাতিক সহায়তা কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই দেশটির সরকার বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, সুইজারল্যান্ডের পার্লামেন্ট আন্তর্জাতিক সহায়তা তহবিলে ২০২৫ সালে প্রায় ১২১ মিলিয়ন মার্কিন ডলার কমিয়েছে। এই কমানোর পরিমাণ আগামী ২০২৬ সালে আরও বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কমানোর ঘোষণার কথা জানিয়েছে দেশটি।
এই পদক্ষেপ দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়গত সহায়তার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থার ওপর প্রভাব ফেলবে বলেও এক বিবৃতিতে জানানো হয়।
সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলের এ সিদ্ধান্তের ফলেই সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ার সাথে দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি শেষ করতে যাচ্ছে। তবে, এক্ষেত্রে মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের জন্য সাহায্য অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
একুশে সংবাদ/ই.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

