বলিউডে পা রাখার পর থেকেই নেপোটিজম বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলিয়া ভাট। ‘নেপোকিড’ তকমা দিয়ে তাকে কটাক্ষ করা নতুন নয়। তবে সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে সেই সমালোচনা আবারও তীব্র হয়েছে।
ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া না পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়াকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেনের দাবি, অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়া মানানসই নন।
তাদের মতে, এ ধরনের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের নেওয়া হলে সেটি আরও উপযুক্ত হতো।
ক্যারিয়ারে একাধিকবার ট্রলের মুখোমুখি হলেও এবার সমালোচনার জবাব দিতে নীরব থাকেননি আলিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি প্রকাশ্যে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে ক্ষোভ উগরে দিয়ে আলিয়া ভাট লিখেছেন, ‘আমার সিনেমাকে ফ্লপ বলে কাটাছেঁড়া করার কে তোমরা? আমি টাকা দিয়ে যেভাবে হোক ঠিক পুরস্কার কিনে নিতে পারব। তোমাদের কী হবে তাহলে?’
একই পোস্টে আলিয়া আরও যোগ করেন, ‘আমি তো ‘তুম্বড় ২’-তে অভিনয়ের সুযোগ পেলাম, তোমরা কী পেলে? কোনো নারীর সাফল্য আপনাদের সহ্য হয় না বলুন? করণ জোহরের হাত রয়েছে। কারও বাবার ক্ষমতা নেই, আমার ক্ষতি করার।’
সাধারণত ট্রল বা সমালোচনাকে হেসেই উড়িয়ে দেন আলিয়া। তবে এবার তার এমন বিস্ফোরক মন্তব্য নেটিজেনদের মাঝে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। বলিপাড়ার অনেকেই মনে করছেন, লাগাতার ট্রলিং ও ব্যক্তিগত আক্রমণের জেরেই এবার আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি আলিয়া।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

