সর্বকনিষ্ঠ নারী হিসেবে টেইলর সুইফট অন্তর্ভুক্ত হলেন প্ল্যাটফর্ম ‘সংরাইটারস হল অব ফেম’-এ। বিরল এই অর্জনে আপ্লুত সুইফট, অশ্রুসিক্ত হয়ে নিজের এমন সাফল্যের পেছনে পুরো কৃতিত্ব দিয়েছেন পরিবারকে।
শুক্রবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় ‘সংরাইটারস হল অব ফেম’-এর নতুন আসর। অনুষ্ঠানে সম্মান গ্রহণের পর প্রতিক্রিয়া জানান সুইফট। স্মৃতিচারণ করে জানান, যখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর, তখন তার পরিবার পেনসিলভানিয়া ছেড়ে ন্যাশভিলে চলে যায়।
সেখানেই তার গানের পথচলা গতি পায়। যদিও নতুন পরিবেশে গিয়ে সব সামলে নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাদের।
আপ্লুত কণ্ঠে সুইফট বলেন, ‘শব্দ নিয়ে কাজ করাই আমার পেশা, কিন্তু তোমরা (বাবা, মা ও ভাই) আমার জন্য যা করেছ, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমি কখনও খুঁজে পাব না। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু তোমাদের কারণেই।’
৩৬ বছর বয়সী সুইফট জানান, তার জীবনে একটা বিষয়ই স্বাভাবিকভাবে চলে এসেছে, তা হলো গীতরচনা। গায়িকা বলেন, ‘আমি যখন বলি গীতরচনা আমার জন্য সহজ ছিল, তখন আসলে বলতে চাই, এটি ছিল একেবারে সহজাত। কেউ কখনও আমাকে গান লেখা শেখায়নি।
দর্শকদের বিনোদন দিতে শিখতে হয়েছে, নাচের কোরিওগ্রাফি আয়ত্ব করতে হয়েছে, শিল্পজগতের নানা জটিলতা বুঝতে হয়েছে এবং কঠিন অভিজ্ঞতা, অসংখ্য ভুল-শুদ্ধের পরীক্ষা, বিশৃঙ্খলা ও প্রতিকূলতার মধ্য দিয়ে নিজের মানসিক সুস্থতাকে রক্ষা করতে শিখতে হয়েছে। কিন্তু গান লেখা ছিল এমন একটি বিষয়, যা আমি স্বাভাবিকভাবেই করতে পেরেছি।’
সাম্প্রতিক কয়েক বছরে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন টেইলর সুইফট। গত বছরের অক্টোবরে তার স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব শোগার্ল’ গড়েছে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। এবার সবচেয়ে কম বয়সী নারী হিসেবে ‘সংরাইটারস হল অব ফেম’-এ জায়গা করে নিলেন। এর আগে এ রেকর্ড ছিল ক্যারল বেয়ার সেজারের দখলে, তিনি ৪৩ বছর বয়সে এ সম্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।
এই সম্মানের জন্য সুইফটের যেসব গান বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে রয়েছে ‘অল টু ওয়েল’ (১০ মিনিট ভার্সন), ‘ব্ল্যাঙ্ক স্পেস’, ‘অ্যান্টি-হিরো’, ‘লাভ স্টোরি’, ‘দ্য লাস্ট গ্রেট আমেরিকান ডাইনাস্টি’ ইত্যাদি।
এ বছর হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া অন্যদের মধ্যে ছিলেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস ও ব্যান্ড ‘কিস’-এর সদস্য জিনি সিমনস ও পল স্ট্যানলি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

