ভারতের টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটআবারও বিয়ে করছেন। অবশেষে দুবাইয়ের ব্যবসায়ী ইসমাইল উইলিয়ামকে বিয়ে করছেন তিনি। আর এ খবর ছড়াতেই তার প্রাক্তন স্বামী কর্ণের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে নানা খবর উঠে আসছে।
টেলিভিশন জুটি কর্ণ সিং গ্রোভার ও জেনিফার উইংগেটের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা এখনও ভক্তদের মনে আলোচনার বিষয়। ২০১২ সালে বিয়ে করলেও মাত্র দুই বছরের মধ্যেই ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
টেলিভিশন ধারাবাহিক দিল মিল গায়েতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের প্রেমের শুরু। তবে বিয়ের পর সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের বহু বছর পর জেনিফার এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অনুভূতি ও সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেন।
তিনি জানান, বিয়ের সময় তিনি ক্যারিয়ারের শীর্ষে ছিলেন, তবুও প্রেমের টানে সব কিছু উপেক্ষা করে কর্ণকে বিয়ে করেছিলেন। তার ভাষায়, তখন তিনি অভিনয় ছেড়ে দিয়ে গৃহবধূর জীবন বেছে নিতে প্রস্তুত ছিলেন। এমনকি পরিবার ও ঘনিষ্ঠদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
জেনিফার বলেন, তিনি তখন বাস্তবতা না ভেবে শুধুই আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়েই গাঁটছড়া বেঁধেছিলেন।
বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও স্বীকার করেন। তার মতে, সেই সময় তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন এবং দীর্ঘদিন সেই আঘাত কাটিয়ে উঠতে সময় লেগেছিল।
অন্যদিকে বিচ্ছেদের পর কর্ণ সিং গ্রোভার পরবর্তীতে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৬ সালে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।
বর্তমানে আবার নতুন করে আলোচনায় এসেছে জেনিফারের ব্যক্তিগত জীবন, যেখানে পুরোনো সম্পর্কের আবেগঘন স্মৃতি ভক্তদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

