অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার-এর আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছে না তার পরিবার। চলতি মাসের ১৫ তারিখ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবারের সবচেয়ে প্রাণবন্ত সদস্যকে ছাড়া এবারই প্রথম ঈদ উদযাপন করছে তার স্বজনরা। মেয়েকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ।
ঈদের আগে মঙ্গলবার (২৬ মে) দিন পারিবারিক একটি ছবি শেয়ার করে কায়সার হামিদ জানান, এবারের ঈদ তার জন্য আনন্দের নয়, বরং গভীর শোকের। মেয়েকে হারানোর কষ্টে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে ইঙ্গিত দেন।
তিনি লেখেন, ঈদ এলো আনন্দের বার্তা নিয়ে। কিন্তু এই ঈদ আমার কাছে নিরানন্দ আর বিষাদময়। মাঝখানের লাল পরীটা হঠাৎ অকাশে উড়ে চলে গেছে, কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ উৎসব। মেয়েটা আমাদের আনন্দ করতে, আনন্দে থাকতে, মানুষ কে আনন্দে রাখতে পছন্দ করতো। অথচ সেই কিনা আমাদের মাঝে নেই।
তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় ও সামাজিক নিয়ম মেনে ঈদের আনুষ্ঠানিকতা পালন করছেন, তবে প্রতিটি মুহূর্তেই মেয়ের অনুপস্থিতি অনুভূত হচ্ছে। সবশেষে তিনি লিখেছেন, আমার রাজকন্যা তুমি আমাদের সঙ্গেই আছো। তোমাকে জানাই ঈদ মোবারক।
এর আগে একাধিক পোস্টে তিনি মেয়ের স্মৃতি স্মরণ করে আবেগঘন কথা লিখেছিলেন। তিনি জানান, মেয়ের অকাল প্রয়াণ মেনে নেয়া তার জন্য কঠিন হয়ে উঠেছে এবং প্রতিদিনই সেই শূন্যতা অনুভব করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

