অনেকদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন কন্নড় সুপারস্টার যশ। এরই মধ্যে তার আসন্ন সিনেমা টক্সিক-এর ঝলক প্রকাশ পেলেও এর মুক্তি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কবে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
২০২২ সালে কেজিএফ চ্যাপ্টার ২-এর বিশাল সাফল্যের পর ভক্তরা নতুন সিনেমার অপেক্ষায় ছিলেন। তাই এই সিদ্ধান্তে অনেকেই হতাশ হয়েছেন।
এরই মধ্যে শোনা যাচ্ছে, চলতি বছরে তার নতুন সিনেমাগুলো মুক্তির পর তিনি সাময়িক বিরতিতে যেতে পারেন—এমনটাই জানিয়েছেন যশ নিজেই।
সম্প্রতি সাংবাদিকদের কাছে বিরতি নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে যশ বলেন, আমি আসলে এখন বিরতি নেওয়ার দিকেই বেশি ঝুঁকে আছি। কারণ আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ২০২২ সালের পর আমার আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের অনেকে হতাশ, কিন্তু আমি যে লক্ষ্য ও ভিশন নিয়ে এগোচ্ছি, তার জন্য সময় ও একাগ্রতা প্রয়োজন।
যশ আরও জানান, তিনি তার সিনেমাগুলোকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন, যা বেশ চ্যালেঞ্জিং। পর্দার সামনে দীর্ঘ সময় দেখা না গেলেও তিনি মোটেও হাত গুটিয়ে বসে ছিলেন না।
যশের আসন্ন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের। আগামী জুনে মুক্তির কথা থাকলেও সাময়িক স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক গল্পের সিনেমা ‘রামায়ণে’ও দেখা যাবে যশকে। দুই খণ্ডের এই সিনেমার প্রথম অংশ ২০২৬ সালের দিপাবলীতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দিপাবলীরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই সিনেমাটিতে যশের সাথে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

