‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমা ট্রেলার প্রকাশের এক সপ্তাহের মধ্যেই এটি ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক যা সিনেমার ট্রেলারের ক্ষেত্রে প্রথম।
গত ৮ মার্চ ট্রেলারটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ৭১৮ মিলিয়ন ভিউ পায়। আর মাত্র চার দিনের মাথায় এই সংখ্যা পৌঁছে যায় ১.১ বিলিয়নে।
শুধু তাই নয়, মুক্তির আট ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ৩৭৩ মিলিয়ন ভিউ অর্জন করে যা এটিকে সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া ট্রেলারগুলোর একটি করে তুলেছে। এর মাধ্যমে এটি ভেঙে দিয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার ট্রেলারের আগের রেকর্ড।
সিনেমাটিতে আবারও পিটার পার্কারের চরিত্রে ফিরছেন টম হল্যান্ড। তার সঙ্গে রয়েছেন জেনডায়া, যিনি এমজে চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারে দেখা যায়, ডক্টর স্ট্রেঞ্জের জাদুর প্রভাবে পৃথিবী ভুলে গেছে পিটার পার্কারের পরিচয়।
ফলে একাকী জীবন কাটাতে হচ্ছে তাকে। তার প্রেমিকা এমজে ও ঘনিষ্ঠ বন্ধু নেড কেউই আর তাকে চিনতে পারে না। এই একাকীত্বের মধ্যেই নিউইয়র্ক শহরকে রক্ষা করে চলেছেন স্পাইডার-ম্যান। একই সঙ্গে অতীতের ঘটনার প্রভাব এবং নতুন রহস্যের মুখোমুখি হতে হয় তাকে।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেসটিনি ড্যানিয়েল ক্রেটোন। তিনি সিনেমাটিকে তার ক্যারিয়ারের অন্যতম ‘সবচেয়ে তৃপ্তিদায়ক’ প্রজেক্ট বলে উল্লেখ করেছেন।
সূত্র: ইয়ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

