শীতের আমেজে সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণতা ছড়ালেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। লাল রঙের বোল্ড সাজে নতুন একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের দৃষ্টি কেড়েছেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, মোমের আলো হাতে নিয়ে লাল লেহেঙ্গায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন পূজা।
মসলিন কাপড়ে তৈরি লাল লেহেঙ্গাটিতে ছিল রুপালি জারদৌসি কাজ। পোশাকের সঙ্গে মানানসই কারুকার্যখচিত ওড়না যোগ করেছে আলাদা মাত্রা। ভারী মেকআপের সঙ্গে পরেছিলেন নজরকাড়া গয়না। মাথায় ছোট আকৃতির টিকলি, হাতে ম্যাচিং আংটি ও একগুচ্ছ চুড়ি—সব মিলিয়ে ছিল পরিপূর্ণ রাজকীয় আবহ।
খোলা চুলে লাল রঙের উপস্থিতিতে ভালোবাসা, আবেগ, শক্তি ও সাহসের প্রতীকী বার্তা তুলে ধরেছেন অভিনেত্রী। প্রকাশিত ভিডিওটি তার নতুন একটি ফটোশুটের অংশ। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে বলিউড সিনেমা ‘পরম সুন্দরী’-এর জনপ্রিয় গান ‘পরদেশিয়া’।
এদিকে নতুন বছরের শুরুতেই ফটোশুটের পাশাপাশি পুরোদমে সিনেমার কাজেও ফিরেছেন পূজা চেরি। ইতোমধ্যে দুটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আসন্ন এই দুই সিনেমা হলো ‘দম’ ও ‘দরদিয়া’। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ ছবিতে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন পূজা। অন্যদিকে ‘দরদিয়া’ সিনেমায় তাকে দেখা যাবে আদর আজাদের সঙ্গে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

