এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী। ফলাফল নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করে ৩০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না। চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। তবে চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারণ হয়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “আমরা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। সেটি সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, শিক্ষা বোর্ডগুলো ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে শিক্ষা বোর্ড। ফলে নির্ধারিত সময়ের পরে ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

