চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এমনকি চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা যাবে কি না, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
এ কারণে ফল প্রকাশের নতুন তারিখ পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন।
প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতেও বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেয়া সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।
চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এই মাসের মধ্যেই কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

