বৈরী আবহাওয়া, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন করতে বলা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, কেবল তারাই এই সুযোগ পাবেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরা অন্তর্ভুক্ত।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে ২৯ জুলাইয়ের মধ্যে আগ্রহী পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১৫ জুলাই জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে দেশের বিভিন্ন এলাকায়ও বৈরী আবহাওয়ার কারণে কিছু শিক্ষার্থী ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের শিক্ষাজীবনের গুরুত্ব বিবেচনায় সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো যে নতুন তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে, ওইসব বাদ পড়া পরীক্ষার্থীরাও একই সময়সূচি ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে ভারি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষা আগে থেকেই স্থগিত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

