AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশ্নফাঁসের খবর মিথ্যা: শিক্ষা মন্ত্রণালয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৬ এএম, ২৬ এপ্রিল, ২০২৬

প্রশ্নফাঁসের খবর মিথ্যা: শিক্ষা মন্ত্রণালয়

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবরকে সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র সব বোর্ডে ফাঁস হয়েছে-এমন দাবি করা হচ্ছে। তবে এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে মন্ত্রণালয় স্পষ্ট করেছে।

মন্ত্রণালয়ের সচিবালয় থেকে জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সারাদেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর এই ধরনের খবর ছড়ানো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অহেতুক উদ্বেগ সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এই গুজব ছড়াচ্ছে। বিজ্ঞপ্তিতে দৃঢ়ভাবে জানানো হয়েছে, প্রশ্ন ফাঁসের এই অপপ্রচারের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীনস্থ কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারী জড়িত নন।

মন্ত্রণালয় থেকে জনগণকে এই ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষ করে প্রশ্ন পাওয়ার আশায় কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কোথাও প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার বা সন্দেহজনক কার্যক্রম নজরে আসে, তবে দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে। গুজব রটনাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!