রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ ধারাবাহিক ছুটি শেষে দীর্ঘ ৩৮ দিন পর আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন, রমজান ও ঈদের কারণে প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম সীমিত ছিল। এতে শিক্ষার্থীদের শিখনে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ছুটির পর নিয়মিত ও পূর্ণমাত্রায় ক্লাস পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই ছুটি শুরু হয়।
পরবর্তীতে সংশোধিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বহাল থাকে।
এদিকে, শিখন ঘাটতি কাটিয়ে উঠতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের পর টানা ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
তবে মাধ্যমিক স্তরের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

