চলতি মে মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৫৭ কোটি ৭৭ লাখ টাকার সমান। রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে এই হিসাব করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ১৩৮ কোটি ২৭ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৪ লাখ ৫০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে, যার পরিমাণ ৩৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার। এরপর বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫৩ লাখ ৬০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৩৪ লাখ ১০ হাজার ডলার।
এদিকে, আলোচিত সময়ে দেশি-বিদেশি মোট ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, আল-ফালাহ ব্যাংক, হাবিব ব্যাংক, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

