সম্মিলিত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য ছড়িয়েছে যে সরকার দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে—এটি সঠিক নয়। তার মতে, ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় কিছু প্রশাসনিক পরিবর্তন এসেছে এবং নতুন এমডি নিয়োগসহ প্রক্রিয়াগত কাজ সম্পন্ন করতে সময় লেগেছে।
গভর্নর বলেন, আগের চেয়ারম্যান পদত্যাগের পর একজনকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে এমডি নিয়োগ দেওয়া হয়। এ পুরো প্রক্রিয়া শেষ হতে মে মাস পর্যন্ত সময় লাগে।
এর ধারাবাহিকতায় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সর্বশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জানান।
গভর্নর মোস্তাকুর রহমান বলেন,“সম্মিলিত পাঁচ ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম অব্যাহত আছে। খুব শিগগিরই আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে এবং শিগগিরই বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ঘোষণা করা হবে।
এই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ সরকারের একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকিং খাত, রাজস্বনীতি ও সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

