সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতা উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।
স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন পে-স্কেল কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়তা এবং তাদের আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

