AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫০০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের অর্থনীতি


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৫:১৫ পিএম, ১০ জুন, ২০২৬

৫০০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি নতুন এক মাইলফলকে পৌঁছেছে। প্রথমবারের মতো দেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বুধবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে দেশের অর্থনীতি ইতিহাসে প্রথমবারের মতো অর্ধ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করল।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে অর্থনীতির পরিমাণ প্রায় ৪৫ বিলিয়ন ডলার বেড়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতাকে নির্দেশ করে।

অর্থনীতিবিদদের মতে, জিডিপির আকার বৃদ্ধি দেশের উৎপাদন, বিনিয়োগ, ভোগব্যয় ও সেবা খাতের সম্প্রসারণের প্রতিফলন। ৫০০ বিলিয়ন ডলারের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবিএসের তথ্যমতে, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকার পূর্বাভাস দিলেও প্রাথমিক হিসাবে তা ছাড়িয়ে গেছে।

খাতভিত্তিক হিসাবে কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে, শিল্প খাতের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি প্রবৃদ্ধি শ্লথ হওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় শিল্প খাতের প্রবৃদ্ধিতে প্রভাব পড়েছে।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!