চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার উল্লেখ করে দেশটির প্রতি বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে দেশের পাট শিল্প উন্নয়নে চীনের প্রযুক্তিগত সহায়তা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চীন কাজ করছে। তিনি গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সেমিনার ও প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৬ মে পর্যন্ত এই আয়োজন চলবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

