ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে মোট দুই কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, শহীদ হাদির পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও জানান, জাতীয় পে কমিশনের প্রতিবেদন অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এ বিষয়ে এর বেশি মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।
এ সময় পদ্মা সেতু প্রকল্পের জন্য চালের দাম ২০ টাকা বেড়েছে—বাণিজ্য উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা কোনো মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

