দেশের চলমান অর্থনৈতিক সংকট সমাধান করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট ডায়ালগে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের নেওয়া ঋণের বোঝা ও অসমাপ্ত প্রকল্পের কারণে এবারের বাজেট পুরোপুরি “পারফেক্ট” নয়। তবে পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, “আমরা যাচাই-বাছাই করে দেখছি, অর্থনৈতিক সংকট সমাধানে অন্তত দুই বছর প্রয়োজন।”
মন্ত্রী জানান, দেশের মানুষকে ধীরে ধীরে ট্যাক্স নেটের আওতায় আনতে হবে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কম করেও কর ব্যবস্থায় অন্তর্ভুক্তি বাড়ানো হবে।
তিনি অভিযোগ করে বলেন, পূর্ববর্তী সরকার নিজেদের স্বার্থে প্রায় ১,৩০০টি প্রকল্প গ্রহণ করেছিল, যার অনেকগুলো ইতোমধ্যে বাতিল করা হয়েছে। কিছু প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হলেও বাস্তবে কার্যকর নয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্যাংকিং খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উচ্চ সুদের কারণে বেসরকারি খাত চাপে রয়েছে। সরকার ধীরে ধীরে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চায়।
এছাড়া ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, যোগ্য কোনো পরিবারই এই সুবিধা থেকে বাদ যাবে না এবং পর্যায়ক্রমে সব পরিবারের কাছে এটি পৌঁছে দেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

