AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৪ পিএম, ২০ জুলাই, ২০২৬

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইর

বাংলাদেশের নির্ধারিত মান পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

পরীক্ষায় এসব পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং মানদণ্ডের ব্যত্যয় ধরা পড়েছে।

সোমবার বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচার এবং টোটাল মিল্ক সলিড নন-ফ্যাটের মাত্রা নির্ধারিত সীমার বেশি থাকায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্ষতিকর অণুজীব শনাক্ত হওয়ায় অলিভ বাংলাদেশের ‘লাবণ্য’ ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, মোরিংগা+মাচা ফোমিং ফেসওয়াশ এবং অ্যালোভেরা শ্যাম্পু বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ মান অনুযায়ী ভিটামিন ‘সি’-এর পরিমাণ কম পাওয়ায় ডেকো ফুডসের ‘ডেকো ফ্রুট ফান্ডা’ ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারও বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা পুনরায় অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতার কাছ থেকে এসব পণ্য দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করবে বিএসটিআই। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআইর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া ভোক্তার অধিকার। তিনি ক্রেতাদের পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি কোনো পণ্যের মান, ভেজাল বা প্রতারণা সংক্রান্ত অভিযোগ থাকলে তা দ্রুত বিএসটিআইকে জানাতে অনুরোধ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!