নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, নতুন পে-স্কেল বিষয়ে এমন সুপারিশ করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তিদায়ক সুপারিশ থাকবে। বাজারমূল্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সামগ্রিক বাস্তবতা বিবেচনায় রেখেই সুপারিশগুলো করা হয়েছে।”
বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে। কমিশনের একাংশ মনে করছে, বিদ্যমান গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বাড়ানোই বাস্তবসম্মত হবে। তবে কমিশনের আরেকটি অংশের মত, গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি করা হলে কাঠামো আরও কার্যকর হবে।
নবম পে-স্কেল প্রণয়নের অংশ হিসেবে কমিশন চার দফায় সব মন্ত্রণালয়ের ৭০ জনের বেশি সচিবের সঙ্গে মতবিনিময় করেছে। এতে বাস্তবসম্মত ও টেকসই সুপারিশ দেওয়ার বিষয়ে জোর দেন সচিবরা।
এ ছাড়া গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন—এই চার শ্রেণির অংশগ্রহণে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে জাতীয় বেতন কমিশন।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

