চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাংলাদেশে মোট ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। বুধবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
সভায় জানানো হয়, প্রাপ্ত প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগ ৪৬৫ মিলিয়ন ডলার, দেশীয় বিনিয়োগ ৭০০ মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগ ৮৫ মিলিয়ন ডলার। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলো এককভাবে সবচেয়ে বেশি, প্রায় ৩৩০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব এসেছে।
বিডা’র পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত ১.২৫ বিলিয়ন ডলারের মধ্যে ২৩১ মিলিয়ন ডলারের প্রস্তাব বাস্তবায়নের জন্য চূড়ান্ত হয়েছে। যা মোট প্রস্তাবের প্রায় ১৮ শতাংশ। বৈশ্বিক প্রেক্ষাপটে গড়ে এই হার ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে থাকে।
সভায় চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট নিয়েও আলোচনা হয়। বর্তমানে বন্দরে প্রায় সাড়ে ছয় হাজার কনটেইনার পড়ে আছে। গত দুই মাসে এক হাজার কনটেইনার নিলামে বিক্রি করা হয়েছে, আগামী মাসে আরও ৫০০ কনটেইনার নিলামে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এছাড়া বাংলাদেশ বিজনেস পোর্টাল (বিবিপি) চালুর অগ্রগতিও সভায় তুলে ধরা হয়। বিডা, বেজা, বেপজা ও বিসিকের সেবা সমন্বিত করার লক্ষ্যে গড়ে ওঠা এই অনলাইন প্ল্যাটফর্মের সফট লঞ্চ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পূর্ণাঙ্গ উদ্বোধন মাসের শেষ দিকে করার পরিকল্পনা রয়েছে।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
একুশে সংবাদ/চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

