ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। অভিযানে মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড গুলি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় মো. ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানার তরুয়া এলাকায় মোল্লার বাড়ির সামনে অবস্থিত তরুয়া বিলে পানির নিচে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এর আগে এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসা. হাসি বেগম (৬০)-কে গ্রেফতার করে র্যাব।
এছাড়াও মামলার তদন্তে এরই মধ্যে ফয়সালের স্ত্রী, এক নারী সহযোগী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর এবং সীমান্ত দিয়ে পালাতে সহায়তার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়েছে।
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিক্রমে রোববার রাতে পল্টন থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগ শেষে বিজয়নগর এলাকায় অবস্থানকালে শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। সে সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে পেছনে বসা একজন হামলাকারী রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর একই রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। পরদিন সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

