আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তিনি ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদেও দায়িত্বে ছিলেন।
তার বাড়ি লালমনিরহাট শহরে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে।
রাত ৮টার দিকে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “এখন পর্যন্ত দুদকের একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে লালমনিরহাটে আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

